| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ জেলায় বন্যার আভাস

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৭:০৯:৪০:অপরাহ্ন  |  ১১৫৯ বার পঠিত
৪ জেলায় বন্যার আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২০ জুন) কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি সমতল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে, ফলে চার জেলায় অন্তত স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের প্রধান সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে, তবে তা বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে গঙ্গা-পদ্মার পানিও আপাতত স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষ দিকে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানি বাড়ায় নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪