রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশকে একদিন ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে খেলাধুলা ও শিক্ষার সমন্বিত বিকাশ জরুরি।
শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৫-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে। আজকের এই ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতের জাতীয় দলের তারকা ফুটবলার তৈরি হবে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, শুধু খেলাধুলায় নয়, জ্ঞান, মেধা ও সৃজনশীলতায়ও এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী বাংলাদেশ গড়ে তুলতে পারব।
দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে সেরা চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেয়।
বালক বিভাগের রোমাঞ্চকর ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম