| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২৩:৩৫:৩৪:অপরাহ্ন  |  ৬৪২ বার পঠিত
মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি আটকে আছে জানিয়ে তাদেরকে কীভাবে মুক্ত করা যায়, সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।

 রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব বলেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন।

শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব শ্রমিক বিদেশে আসবেন, তাদের ভাষা শেখানোর পাশাপাশি প্রশিক্ষণও দেবে সরকার। এরজন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশন আপডেট করা হবে। আগামী ১০ বছরে কোথায় কোথায় কাজ নিয়ে বাংলাদেশিরা যেতে পারেন, তা নিয়ে কাজ করছে সরকার।

মালয়েশিয়া অবস্থানকারী বাংলাদেশিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে এসেছিলাম। আজ এসে দেখলাম, এ দেশের রাস্তা বাংলাদেশের চেয়েও পরিষ্কার। এই রাস্তা পরিষ্কার রাখতে বাংলাদেশিরাও সহযোগিতা করছে। তাহলে আমরা দেশকে কেন পরিষ্কার রাখতে পারবো না?

মালয়েশিয়া প্রবাসীদের কাজ করার সুযোগ বাড়াতে কাজ করবেন জানিয়ে তারেক রহমান বলেন, সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে আসা। সফরে এসে এখানে যারা কাজ করছেন, আবার অনেকেই যারা দেশ থেকে অন্যদের আনতে চান সে সব বিষয় নিয়ে কথা বলবো।

এরআগে, শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে টার্মস অব রেফারেন্স (টিওআর)-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বিষয়েও আরেকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প, সেমিকন্ডাক্টরসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন কামনার বিষয়টিও আলোচনায় থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪