বিনোদন ডেস্ক: বিতর্কিত মন্তব্য ও ব্যতিক্রমধর্মী ‘রোস্টিং’ শৈলীর জন্য পরিচিত ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অংশ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে সঞ্চালকের একের পর এক বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে একপর্যায়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি।
ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলিয়ার ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন আলিয়া ভাট। তবে আড্ডার একপর্যায়ে সঞ্চালক সময় রায়না অভিনেত্রীর ক্যারিয়ার, অভিনয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ধারাবাহিকভাবে রসিকতা করতে থাকেন।
এক পর্যায়ে সময় রায়না মন্তব্য করেন, আলিয়ার মতো একজন তারকার তাদের শোতে আসা গর্বের বিষয় হলেও এটি নাকি তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। পরে কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি নিয়েও কটাক্ষ করেন তিনি। সঞ্চালকের দাবি, সেখানে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে তেমন গুরুত্ব না দিলেও তার অনুষ্ঠানের ক্যামেরাগুলো অন্তত অভিনেত্রীর দিকেই তাক করা রয়েছে।
শুধু তাই নয়, আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন সময় রায়না। একই সঙ্গে তিনি জানান, আলিয়ার চেয়ে তার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত তিনি।
ক্রমাগত এমন মন্তব্যে বিরক্ত হয়ে আলিয়া ভাট সরাসরি বলেন, “তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।”
তবে সেখানেই থেমে থাকেননি সময় রায়না। পাল্টা জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত ‘জিগরা’ সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।”
অনুষ্ঠানের এই অংশ প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, হাস্যরস বা রোস্টিংয়ের নামে ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা কিংবা অপমান করা গ্রহণযোগ্য নয়।
আলিয়ার ভক্তদের একাংশের দাবি, অনুষ্ঠানে অভিনেত্রীর প্রতি অযথা অসম্মানজনক আচরণ করা হয়েছে। অন্যদিকে কেউ কেউ এটিকে রোস্ট-ভিত্তিক অনুষ্ঠানের স্বাভাবিক অংশ বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সময় রায়না অতীতেও বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। এবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে তার অনুষ্ঠানের এই পর্ব নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
রিপোর্টার্স২৪/ঝুম