| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৭:০৪:৪৩:অপরাহ্ন  |  ৭১৩ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ একটি দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রস্তুতির কারণে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও জমায়েতের সম্ভাবনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে গত তিনদিন ধরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়। পাশাপাশি পিকেটিং, মোবাইল ও ফুট পেট্রোল বৃদ্ধি, সাদা পোশাকে নজরদারি এবং বিভিন্ন মেস, হোটেল ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, “তাদের উদ্দেশ্য ছিল মিছিল বা সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। ডিএমপির সদস্যরা এখন পর্যন্ত সেই পরিকল্পনা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। আশা করছি, দিনশেষেও তারা কোথাও সংগঠিত হতে পারবে না।”

ককটেল বিস্ফোরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নাশকতার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

ডিএমপি কমিশনারের ভাষ্য, “যদিও তাদের পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ হয়নি, তবে মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা ধারণা করছি, সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। এ কারণে ঢাকার বাইরে থেকে কেউ যাতে রাজধানীতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য নজরদারি অব্যাহত থাকবে।”

আসন্ন পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত।

তিনি আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪