| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাশার আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৯:০৮:০৭:পূর্বাহ্ন  |  ১৬৫২৩৬৭ বার পঠিত
বাশার আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

বিনোদন ডেস্ক: ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘বানোয়াট’ বলে দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি। তাকে আবুল বাশারের ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করে এ ধরনের তথ্যের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করেন এই চিত্রনায়িকা।

ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশার তার স্বামী নন। কেউ যদি তাদের বিয়ের বৈধ কাগজপত্র কিংবা ব্র্যান্ড প্রমোশনের বাইরে বিটিএল গ্রুপের সঙ্গে তার অন্য কোনো আইনগত সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারেন, তাহলে তিনি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

অভিনেত্রীর ভাষ্য, একজন শিল্পী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসে গেলে সম্মানসূচক আপ্যায়ন এবং উপহার পাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু সেসব মুহূর্তের ছবি বা ভিডিওকে ভুলভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, এসব সংবাদের কারণে তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদ দেখে তারা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি এই গুজবের প্রভাবে তার মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

ববি আরও বলেন, মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমার আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। তবে শুধু তার নাম ব্যবহার করলেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়বে—এমন ধারণা থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। পাশাপাশি কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। তবে শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে আসছেন ইয়ামিন হক ববি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪