| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের ঘোষণা: ববি হাজ্জাজ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৩:৫৫:২২:অপরাহ্ন  |  ৬৯৮ বার পঠিত
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের ঘোষণা: ববি হাজ্জাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাপানের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক এবং শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতেই সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলমান রয়েছে, যেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাকে আরও আনন্দময় ও চ্যালেঞ্জিং করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাপানের নাগরিক শিক্ষা বিশ্বজুড়ে প্রশংসিত। তাই শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা এবং নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকেও আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ ক্ষেত্রে জাইকার কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের শিক্ষা প্রশাসনে দায়িত্ব বণ্টন, জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন (KPI) এবং মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জাইকা প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসান এবং জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মোরিকাওয়া ইউকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪