| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুমুক্ত নগর গড়তে নাগরিক সচেতনতা জরুরি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১৪:১৬:০৫:অপরাহ্ন  |  ১০৪০ বার পঠিত
ডেঙ্গুমুক্ত নগর গড়তে নাগরিক সচেতনতা জরুরি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের লক্ষ্য কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া নয়; বরং মানুষের জীবন রক্ষা করে একটি ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর রোডে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস অভিযানের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী যদি সচেতনভাবে নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও ছাদের ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার রাখে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তিনি বাড়ির ছাদ, আঙিনা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই ফুলের টব, ডাবের খোসা, রঙের কৌটা বা অন্য কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুমুক্ত নগর গড়া সম্ভব নয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, নগরবাসীর সহযোগিতায় ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত করতে পারব, ইনশাআল্লাহ।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে ডেঙ্গু লার্ভা নিধনের ট্যাবলেট সংগ্রহ করে নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে সহযোগিতা করতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর অনুরোধ জানান তিনি।

অভিযান শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস বলেন, নগরবাসীর অংশগ্রহণ ছাড়া এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা নির্মূল করা সম্ভব নয়।

তিনি জানান, নিয়মিতভাবে বাসাবাড়ি, রেস্টুরেন্ট ও বিভিন্ন স্থানে মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা অভিযান এবং লার্ভা ধ্বংস কার্যক্রম চালানো হচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচিও চলমান রয়েছে।

অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় স্থানীয়দের মধ্যে লার্ভা ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকারিং কার্যক্রম পরিচালনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪