স্টাফ রিপোর্টার: অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তার বাগদান সম্পন্ন হওয়ার খবর।
অভিনন্দন, কৌতূহল আর নানা প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই জানতে চান, কে সেই বিশেষ মানুষ? আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও জানান। তবে এই জল্পনার ইতি টানেন অভিনেত্রী নিজেই। তিনি স্পষ্ট করে বলেন, কোথাও তিনি বাগদানের ঘোষণা দেননি।
নীহার ভাষ্য, আমি কিন্তু কোথাও বলিনি যে আমার বাগদান হয়েছে। শুধু লিখেছি ‘এনগেজড’। এর মানে হলো, আমি এখন আর সিঙ্গেল নই। কারও সঙ্গে সম্পর্কে আছি। এর বেশি আপাতত কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি সবসময় সৎ থাকতে চান। তাই সম্পর্কের বিষয়টি লুকিয়ে রাখার প্রয়োজন মনে করেননি।
অভিনেত্রীর কথায়, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো, আমি আর সিঙ্গেল নই। বিষয়টি কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। আর উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও প্রকাশ করব।
এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও নীহার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে অভিনেত্রী জানান, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; একটি নাটকের প্রচারণার অংশ ছিল।
এবার নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও, প্রেমিকের পরিচয় আপাতত গোপনই রাখছেন নাজনীন নীহা। তার দাবি, সঠিক সময় এলে তিনি নিজেই সব জানিয়ে দেবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব