| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ০১:২১:০৭:পূর্বাহ্ন  |  ৩৯৪ বার পঠিত
উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সড়কের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাতুরা নগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোটরসাইকেলচালক মাহবুব আলম (২৯) এবং একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (১৮)।

ঘটনার পর পপুলার ফার্মাসিউটিক্যালসের পিকআপ ভ্যানের চালক মো. রবিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের বাসিন্দা। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, মাহবুব ও নোমান মোটরসাইকেলে করে ঢাকা থেকে গাজীপুরের দিকে বিআরটি উড়াল সড়কের লেন দিয়ে যাচ্ছিলেন। একই সময়ে টঙ্গীর দিক থেকে পিকআপ ভ্যানটি ওই লেন ব্যবহার করে ঢাকার দিকে প্রবেশ করছিল। আব্দুল্লাহপুর এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজন চাচাতো ভাই। এ ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহত মাহবুবের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪