| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মানিত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ০২:৩৪:০৪:পূর্বাহ্ন  |  ৬২৯ বার পঠিত
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মানিত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার প্রয়াত ও জ্যেষ্ঠ গুণী সাংবাদিকদের সম্মাননায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া সম্মাননা অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরণোত্তর ও আজীবন সম্মাননাপ্রাপ্ত ১৩ জন সাংবাদিক ও তাদের পরিবারের হাতে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়। বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এর আগে গত ১২ নভেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের ঐচ্ছিক তহবিল থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা ও অর্থসহায়তা পাওয়া আট প্রয়াত সাংবাদিকের পরিবার হলো—খন্দকার আব্দুর রহীম হীরু, যাহেদুর রহমান যাদু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু, ইকবাল মোর্শেদ রিপন ও আমান উল্লাহ খান। এ ছাড়া আজীবন সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক। তারা হলেন— ওয়াসিুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী ও চপল কান্তি সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা সাংবাদিকদের এই মূল্যায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানান। বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, সত্তর ও আশির দশকে বগুড়ার সাংবাদিকেরা অনেক কষ্ট করে, নীতি-আদর্শ মেনে সাংবাদিকতা করেছেন। তখন সাংবাদিকদের কেনা যেত না। কিন্তু ইদানীং সাংবাদিকতায় দলীয় প্রভাব ও অপসাংবাদিকতা ঢুকে পড়েছে। যাচাই-বাছাই ছাড়া নেতিবাচক বা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করলে দেশ ও সমাজের বড় ক্ষতি হয়।

সংসদ সদস্য হিসেবে নিজের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে রেজাউল করিম বাদশা বলেন, সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। আপনারা স্বাধীনভাবে লিখুন, তবে যে ঘটনা ঘটেনি তা লিখবেন না। বগুড়ার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বগুড়া বিমানবন্দর, শিল্প পার্ক ও বিশ্ববিদ্যালয়ের চলমান কাজের পাশাপাশি বগুড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সুখবর দেন। এ ছাড়া বাংলাদেশের একমাত্র অবিভক্ত প্রেসক্লাব হিসেবে বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস সেক্রেটারি আতিকুর রহমান। তিনি বলেন, মাননীয় প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে কিংবদন্তি সাংবাদিকদের হাতে এই সম্মাননা তুলে দিতে চেয়েছিলেন। বিদেশে থাকায় আসতে না পেরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিজেও একসময় শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে তিনি সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ সময় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪