| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিডি ও মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৭:১৪:৪৩:অপরাহ্ন  |  ৮৭০ বার পঠিত
জিডি ও মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিরা কোনো ধরনের সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই থানায় কিংবা অনলাইনে জিডি ও এফআইআর দাখিল করতে পারছেন। ফলে আগে যেসব ঘটনা নথিভুক্ত হতো না, এখন সেগুলোও সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতীতে নানা সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে অনেক ধর্ষণ মামলা থানায় রেকর্ডই হতো না। বর্তমান পরিস্থিতিতে সেই বাধা অনেকটাই দূর হয়েছে। তাই পরিসংখ্যানে ধর্ষণের সংখ্যা বেড়ে দেখা গেলেও এটি মূলত অপরাধ নথিভুক্তকরণের স্বচ্ছতা ও বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির প্রতিফলন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই পরিসংখ্যানকে নেতিবাচকভাবে না দেখে আইনগত প্রক্রিয়ার উন্নয়ন হিসেবে বিবেচনা করা উচিত। তিনি আশ্বস্ত করে বলেন, দেশের কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি দাবি করেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় বর্তমানে খুন, ডাকাতিসহ অধিকাংশ অপরাধের সূচকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অথচ চলতি বছরের মার্চ ও এপ্রিল—এই দুই মাসেই দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২ হাজার ২১৪টি চুরি এবং ১২৯টি পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।

রুমিন ফারহানা আরও জানান, একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি মামলা রেকর্ড হয়েছে। তার ভাষ্য, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে। এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল বাজেট বরাদ্দের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু তিনি যদি সেই দক্ষতা ও কার্যকারিতা তাঁর মন্ত্রণালয়ের কাজেও সমানভাবে প্রতিফলিত করতে পারতেন, তাহলে এ বাজেট ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়ার প্রয়োজন হতো না।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪