| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৭:৪৪:২০:অপরাহ্ন  |  ৯৬৪ বার পঠিত
দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেটটি অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থবছরের এই বাজেট আগামী বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

এর আগে সোমবার জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থবিল পাস করা হয়। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়।

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর দীর্ঘ আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বছরের তুলনায় বাজেট বেড়েছে প্রায় ১৯ শতাংশ

নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। শতাংশের হিসাবে বাজেটের আকার বেড়েছে ১৮ দশমিক ৭৩ শতাংশ, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট বৃদ্ধি।

এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৩ লাখ ৯ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি, নন-এনবিআর উৎস থেকে ২৫ হাজার কোটি এবং করবহির্ভূত আয় (এনটিআর) থেকে ৬৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি

নতুন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের ওপর নির্ভর করবে। বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঘাটতি অর্থায়নের ৪৬ শতাংশ বিদেশি উৎস থেকে এবং বাকি ৫৪ শতাংশ অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

নির্দিষ্টকরণ বিলও পাস

নির্দিষ্টকরণ আইন-২০২৬ পাসের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়ের জন্য রাষ্ট্রপতিকে সর্বোচ্চ ১৫ লাখ ১৫ হাজার ৪৩৯ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকা পর্যন্ত সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সংসদে ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দলের সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিলেও আলোচনার পর অধিকাংশ প্রস্তাব প্রত্যাহার করা হয়। ফলে দ্রুত কণ্ঠভোটে মঞ্জুরি দাবিগুলো পাস হয়।

যেসব খাতে সবচেয়ে বেশি বরাদ্দ

নতুন বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে অর্থ বিভাগ। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, খাদ্য, কৃষি, পরিবহন, বিদ্যুৎ, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, গৃহায়ন, তথ্যপ্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগে গতি আসবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪