| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০৩:০৭:১০:পূর্বাহ্ন  |  ৭৫১ বার পঠিত
আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক রয়েছে। বিশ্বকাপ এলেই এই দুই দলকে ঘিরে দেশের সর্বত্র আলোচনা, তর্ক-বিতর্ক ও উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আমেরিকার এই দুই দেশের রয়েছে ঐতিহাসিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও।

বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা ছিল উল্লেখযোগ্য। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালের ১৫ মে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিল। এর দশ দিন পর, ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।

ভৌগোলিক দূরত্ব হাজার হাজার কিলোমিটার হলেও ফুটবল দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের আবেগঘন সেতুবন্ধন তৈরি করেছে। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা রাত জেগে নেইমার, মেসি কিংবা অন্যান্য তারকা ফুটবলারের খেলা উপভোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এই দূরত্ব আরও কমেছে।

বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাও একাধিকবার জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার কাসেমিরো এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাদের এই স্বীকৃতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগকে আরও গভীর করেছে।

ফুটবলের উন্মাদনার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কেও ব্রাজিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ অনেক বেশি। বাংলাদেশ আর্জেন্টিনায় যে পরিমাণ পণ্য রপ্তানি করে, ব্রাজিলে রপ্তানি করে তার প্রায় আটগুণ। দুই দেশেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও সাম্প্রতিক বছরগুলোতে নতুন গতি এসেছে। গত বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক অনুষ্ঠানের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

অন্যদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে পুনরায় দূতাবাস কার্যক্রম শুরু করেছে আর্জেন্টিনা। ঢাকায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার খেলা উপভোগ ও দলের জয় উদযাপন করতেও দেখা গেছে, যা দুই দেশের মানুষের পারস্পরিক আবেগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ফুটবলই বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার জনগণের মধ্যে সবচেয়ে বড় সাংস্কৃতিক বন্ধন তৈরি করেছে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক এখন বাণিজ্য, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও আরও বিস্তৃত ও শক্তিশালী হয়ে উঠছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪