| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৪:২৭:৪৬:অপরাহ্ন  |  ৭৪১ বার পঠিত
সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে নিরাপত্তার প্রচলিত ধারণা আমূল বদলে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তাদের কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইল সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘যুদ্ধ কেবল সমরাস্ত্রের বিষয় নয়, আর যোগাযোগও শুধু মানুষের কণ্ঠস্বর আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে একটি দেশের নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।’

তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যানালগ ও ডিজিটাল ব্যবস্থার পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ করায় বাহিনীর নেতৃত্বকে তিনি সাধুবাদ জানান।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রযুক্তির এই ডাইনামিক বা গতিশীল যুগে জ্ঞান ও চিন্তাকে স্থির রাখার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও নতুন চিন্তার সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে। তা না হলে আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন।’

তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি শুধু আনসার বাহিনীর জন্য নয়, অন্যান্য সরকারি দপ্তরের জন্যও একটি অনুসরণযোগ্য ও শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪