রিপোর্টার্স২৪ ডেস্ক: পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে গুরুত্ব দিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনা ও সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার কারিকুলামে বড় পরিবর্তন আনা হচ্ছে, যেখানে পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে পুরো শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী টেকনিক্যাল ও প্রফেশনাল শিক্ষা বাধ্যতামূলক করার দিকে সরকার এগোচ্ছে। ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রথমে তাত্ত্বিক এবং পরবর্তীতে ধাপে ধাপে ব্যবহারিক শিক্ষা যুক্ত করা হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখার সুযোগও চালু করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে একটি ৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চায়, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের পূর্ণ সুযোগ থাকবে। শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী, রাষ্ট্র সেই ক্ষেত্রেই তাদের বিকাশের সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, শিক্ষকের ভূমিকা শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা সমানভাবে গুরুত্ব পাবে।
মাহদী আমিন জানান, কর্মমুখী শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দেশে বা বিদেশে কর্মসংস্থানে সক্ষম হয়ে উঠতে পারে। তবে তিনি স্বীকার করেন, বর্তমান সরকারের সময় সীমিত হওয়ায় বড় পরিসরের কারিকুলাম পরিবর্তন তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, তবে পরবর্তী শিক্ষাবর্ষে বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পরীক্ষা যেন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও ভীতি-শূন্য পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন কোনো ধরনের চাপ বা আতঙ্ক ছাড়াই পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, নকল ও প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এসএসসির মতো এই পরীক্ষাতেও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে ৬ লাখ ২১ হাজার ও ৬ লাখ ৪৮ হাজারের বেশি। সবাইকে সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম