| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে ভারী বৃষ্টির শঙ্কা, তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৯:১৬:০০:অপরাহ্ন  |  ৪২৫ বার পঠিত
জুলাইয়ে ভারী বৃষ্টির শঙ্কা, তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুন মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাইজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুন মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনার পর এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড় হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

এদিকে জুন মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জুন মাসে দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়। একই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসজুড়ে পরিবর্তনশীল আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪