| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে নিরাপত্তা জোরদারে ইমারজেন্সি অ্যালার্ম বাজানো হবে: স্বাস্থ্য মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১২:১১:০২:অপরাহ্ন  |  ৩৬০ বার পঠিত
হাসপাতালে নিরাপত্তা জোরদারে ইমারজেন্সি অ্যালার্ম বাজানো হবে: স্বাস্থ্য মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চিকিৎসক, নার্স ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদারে পাইলট প্রকল্পের আওতায় ইমারজেন্সি অ্যালার্ম ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে হাসপাতালগুলোতে ইমারজেন্সি অ্যালার্ম ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের জন্য এনএসওয়ান (NS1) পরীক্ষার কিট ইতোমধ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোও প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী এসব হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মসজিদের ইমামসহ সবাইকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪