| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না : চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৭:৩৮:২২:অপরাহ্ন  |  ৩১৭৮ বার পঠিত
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না : চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রোনালদো ও মেসি ফুটবল খেলেন, কিন্তু বাংলাদেশের সংসদে কোনো খেলা চলছে না। এখানে সরকার ও বিরোধী দল নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, কেউ যদি সংসদের বর্তমান পরিবেশকে ‘ফ্রেন্ডলি গেম’ বলে থাকেন, সেটি তার ব্যক্তিগত মতামত। আমরা চাই, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল গঠনমূলকভাবে কাজ করুক।

তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয় যৌক্তিক বিষয়ে সরকারকে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সমালোচনা করাও তাদের দায়িত্ব। বিরোধী দল যৌক্তিক সমালোচনা করলে সরকার তা গ্রহণ করবে। আবার দেশের স্বার্থে সহযোগিতা করলে সেটিকেও আমরা স্বাগত জানাব

গণতান্ত্রিক চর্চার বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে এমন সম্পর্কই কাম্য। আজ যারা বিরোধী দলে রয়েছেন, ভবিষ্যতে তারাই সরকারে যেতে পারেন। আবার বর্তমান সরকারও একসময় বিরোধী দলে যেতে পারে। তাই সংসদে সুস্থ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

সংবিধান সংস্কার, জুলাই সনদ ও উচ্চকক্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের কাজ হবে সংসদে, আর সংস্কার নিয়ে রাজনৈতিক আলোচনা চলবে সংসদের বাইরে।

তিনি বলেন, বর্তমান সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে, আর জুলাই সনদে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত আছে। তাই কেবল ওই বিষয়গুলো আলাদাভাবে বাস্তবায়ন না করে পুরো সাংবিধানিক কাঠামোর মধ্যেই তা বিবেচনা করতে হবে।

তিনি জানান, সংসদ সদস্যদের সামনে তিনটি পথ রয়েছে নতুন সংবিধান প্রণয়ন, বিদ্যমান সংবিধান স্থগিত রেখে নতুন ব্যবস্থা চালু অথবা বিদ্যমান সংবিধান সংশোধন ও সংস্কার। সরকার তৃতীয় পথেই এগোতে চায়।

নুরুল ইসলাম মনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সংস্কার প্রশ্নে মৌলিক কোনো বড় মতপার্থক্য নেই। একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় আলোচনা চালানো হবে। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর বিষয়ে চিফ হুইপ বলেন, স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, আগের দুই বছরে পর্যাপ্ত হামের টিকা সংগ্রহ না হওয়ায় টিকাদান কর্মসূচিতে ঘাটতি তৈরি হয়েছিল। এর ফলেই বর্তমানে সংক্রমণ বেড়েছে।

তিনি বলেন, শিশুমৃত্যুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন। ইতোমধ্যে পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আশা করছি, চলমান কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।

অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, মানুষও বলাবলি করছে, গত সরকারের সময় ভয়াবহ দুর্নীতি হয়েছে। প্রায় ১০ বিলিয়ন ডলারের অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের আওতায় আনার কথা সরকারও বলেছে।

তিনি দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো অপরাধই অপরাধ। কোনো অপরাধই ছাড় দেওয়ার মতো নয়। তাই সব অভিযোগই নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪