| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেড়েছে মুরগির দাম, স্থিতিশীল সবজি বাজার

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৩:২২:২৫:অপরাহ্ন  |  ২৯১৫ বার পঠিত
বেড়েছে মুরগির দাম, স্থিতিশীল সবজি বাজার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারে কয়েক দিনের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। অন্যদিকে দুই থেকে তিন সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো কমেনি। তবে সবজির বাজারে রয়েছে স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে আগের সপ্তাহের দামে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেকের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার ও সোনালি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। অন্যদিকে সোনালি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায়।

দুই থেকে তিন সপ্তাহ আগে মিনিকেট, নাজিরশাইল ও বিআর-২৮ জাতের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছিল। নতুন করে দাম না বাড়লেও সেই বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকায়। নাজিরশাইলের দাম মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকা এবং বিআর-২৮ বা মাঝারি চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা কেজি দরে।

খুচরা চাল ব্যবসায়ীদের দাবি, মিল পর্যায় থেকে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে খুচরা বাজারেও এর প্রভাব অব্যাহত রয়েছে।

মুরগি ও চালের বাজারে কিছুটা অস্বস্তি থাকলেও স্বস্তি দিচ্ছে সবজির বাজার। শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। অধিকাংশ সবজি প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচি ৫০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা এবং পটল ৪০ টাকায়। এছাড়া আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য। তবে মাছের বাজারে দেশীয় মাছের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ইলিশের দাম এখনো চড়া। বর্তমানে চাষের কৈ মাছ প্রতি কেজি ১৮০ টাকা, কাতলা ৪০০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায়। আর দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪