| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৬:৫৭:১৪:অপরাহ্ন  |  ১৮৩৬ বার পঠিত
মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শক্তিশালী গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের স্বীকৃতি দিতে হবে। আবার যারা অন্যায় করবেন, তাদেরও নিরপেক্ষ সমালোচনার মুখোমুখি করতে হবে

তিনি বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি।” রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে তাদের সঠিক পথে পরিচালিত করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করাই সংবাদমাধ্যমের দায়িত্ব। তবে অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর নির্ভরশীল। তাই সংবাদমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪