এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের দুই জনপ্রিয় নায়ক আলমগীর ও আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে একসঙ্গে দেখা গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে। ভোট দিতে এসে উপস্থিত শিল্পীদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই নীরবে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন এই দুই বর্ষীয়ান অভিনেতা।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে জুমার নামাজের বিরতির পর একসঙ্গে ভোটকেন্দ্রে আসেন আলমগীর ও উজ্জ্বল। বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। ভোটাধিকার প্রয়োগ শেষে দুজন একসঙ্গেই কেন্দ্র থেকে বেরিয়ে যান।
দীর্ঘদিনের সহকর্মী এই দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখে ভোটকেন্দ্রে উপস্থিত শিল্পীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকে এগিয়ে এসে শুভেচ্ছা জানান, কেউ কেউ স্মৃতিচারণে মেতে ওঠেন। তবে পুরো সময়ই নীরব ছিলেন আলমগীর ও উজ্জ্বল। গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তারা ভোটকেন্দ্র ত্যাগ করেন।
এদিকে ভোট দিতে এসে শিল্পীদের বর্তমান অবস্থান ও কাজের সুযোগ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন খ্যাতিমান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।
তিনি বলেন, ‘আমি একজন শিল্পী হিসেবে এখানে ভোট দিতে এসেছি। আমাদের সংগঠনের স্বার্থে এসেছি। আমরা চাই যোগ্য মানুষরা নির্বাচিত হোক। সংগঠনের উন্নতি হয় এবং শিল্পীদেরও উন্নয়ন ঘটে, এমন নেতৃত্ব আসুক।’
প্রবীণ শিল্পীদের অবমূল্যায়নের প্রসঙ্গ তুলে কল্পনা বলেন, অনেক সময় শিল্পীদের শারীরিক কিংবা মানসিক সক্ষমতা নিয়ে অযথা প্রশ্ন তোলা হয়। অথচ বাস্তবে তারা এখনো অভিনয় করার মতো সক্ষম।
তার ভাষায়, ‘আমরা যারা শিল্পী, আমাদের অনেক সময় অবমূল্যায়ন করা হয়। মনে করা হয় আমাদের শারীরিক বা মানসিক সক্ষমতা নেই। কিন্তু বাস্তবতা তা নয়। আমি যদি ঘরে বসে স্বাভাবিকভাবে কথা বলতে পারি, তাহলে আমি কেন সংলাপ দিতে পারব না? আমি যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি, তাহলে অভিনয় করতে পারব না- এমনটা কীভাবে বলা যায়?’
অভিনয়ের প্রতি নিজের অঙ্গীকারের কথা জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আসলে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। আমরা অভিনয় করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই।’
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। ভোট দিতে আসেন চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন বহু শিল্পী।
রিপোর্টার্স২৪/ধ্রুব