স্টাফ রিপোর্টার: যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরকে বহনকারী ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পরও বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট ঢাকায় ফিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।
জরুরি অবতরণের অনুমতি পাওয়ার পর বিমানটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি খরচ করে। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। পরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটের যাত্রী হুমায়ুন কবির জানান, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করেও ল্যান্ডিং গিয়ার প্রত্যাহার করতে না পারায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি সঠিক ও সময়োপযোগী ছিল। তবে পুরো ঘটনায় বিমানের ভেতরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের কান্নাকাটি ও যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।
এ ধরনের ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষার বিষয়ে আরও কঠোর হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো পরিচালিত পুরোনো উড়োজাহাজের ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা জরুরি। যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।