রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযোগটি গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষের অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরাম মামলা করেছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
রিপোর্টার্স২৪/ঝুম