রিপোর্টার্স২৪ ডেস্ক: বাসাবাড়ির বর্জ্য নিয়মিত অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় কিংবা যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ভবিষ্যতে ওইসব ঠিকাদার আর কোনো কাজের সুযোগও পাবে না।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নগরবাসীর সহযোগিতায় একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। তিনি মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময় ও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম নগরজুড়ে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম