| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৫:৩৯:০৩:অপরাহ্ন  |  ৬৪২ বার পঠিত
একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্ঞানচর্চা, গবেষণা এবং গঠনমূলক বুদ্ধিবৃত্তিক সংলাপকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করার লক্ষ্যে আল-উম্মাহ ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ‘আল-উম্মাহ’ জার্নাল ও ওয়েবসাইট উদ্বোধন করেছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় বিভিন্ন মত ও চিন্তার সমন্বয় এবং সুস্থ বিনিময় অপরিহার্য। কোনো একটি নির্দিষ্ট চিন্তা বা দর্শনের একক আধিপত্য কখনোই সমাধান হতে পারে না।

তিনি বলেন, “যে যার অবস্থান থেকে নিজের মতামত তুলে ধরবে, আর সেই মতামত বিনিময়ের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও বিশ্ব সঠিক পথ খুঁজে পাবে।”

তথ্যমন্ত্রী আরও বলেন, সুস্থ মতবিনিময়ের সংস্কৃতি গড়ে না উঠলে কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল-উম্মাহ ফাউন্ডেশন সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে যেখানে বিভ্রান্তি ও বিভাজন দ্রুত বাড়ছে, সেখানে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল আলোচনার ভিত্তিতে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসিন আকতাই। তিনি বলেন, মুসলিম বিশ্বের রয়েছে সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য, তবে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ আরও জোরদার করা প্রয়োজন। তার মতে, আল-উম্মাহ গবেষক ও তরুণ চিন্তাবিদদের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।

আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন বলেন, মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক কণ্ঠস্বর হিসেবে এই জার্নাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের লেখক ও গবেষকদের অনুপ্রাণিত করাই তাদের উদ্দেশ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪