বিনোদন ডেস্ক: আলিয়া ভাট ও শারভারি অভিনীত ‘আলফা’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলিং ও সমালোচনার মুখে পড়লেও ছবিটির বক্স অফিস শুরুকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহর লিখেছেন, দর্শক উপস্থিতি যখন সিনেমা হলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ, তখনও ‘আলফা’ বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে। এটি প্রমাণ করে যে, অনলাইন নেতিবাচকতার চেয়ে দর্শকদের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আলিয়া ভাটের তারকাখ্যাতি, দর্শক টানার ক্ষমতা এবং অসাধারণ অভিনয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। একই সঙ্গে বড় পর্দার সিনেমার আবেদনও অনস্বীকার্য। যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) ধারাবাহিকভাবে বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করছে, যা প্রশংসার দাবিদার।
সমালোচকদের উদ্দেশে করণ জোহর লেখেন, দয়া করে একটু শান্ত হন। সিনেমা হলগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে, সেটি উদযাপন করুন। ‘আলফা’ দেখুন এবং অকারণে নেতিবাচক পোস্টে ডুবে থাকবেন না।
গত ২ জুলাই মুক্তি পাওয়া ‘আলফা’ যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য আয় করে ইতিবাচক সূচনা করেছে।
রিপোর্টার্স২৪/বাবি