| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই’

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৮:২৫:০৬:অপরাহ্ন  |  ৫০১ বার পঠিত
‘দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার: বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) দেশের সব নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন প্রযুক্তিনির্ভর হুমকি নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়েছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আনুগত্যের সমন্বয়ে বাহিনীর সদস্যদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্বও পিজিআর সফলভাবে পালন করে আসছে। বিশ্বস্ততা, কর্তব্যবোধ ও পেশাগত দক্ষতার কারণে বাহিনীটি দেশের অন্যতম সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে।

সরকারপ্রধান জানান, সুশৃঙ্খলতার স্বীকৃতি হিসেবে চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং জনগণের সঙ্গে সরকারের সংযোগ অটুট রাখাও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করে।

বক্তব্যে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের সময় কর্তব্যরত অবস্থায় নিহত পিজিআরের সদস্যদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তায় জীবন উৎসর্গের যে অনন্য দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

পিজিআরের গৌরবময় ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ বাহিনীর বিকাশ ও সম্প্রসারণে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্ব ও সিদ্ধান্ত বাহিনীটির কার্যক্রমকে আরও গতিশীল ও আত্মপ্রত্যয়ী করেছে।

অনুষ্ঠানে পিজিআরের সকল সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪