রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বাকেটে থাকা ছোট ছোট খাবারের প্যাকেট তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মধ্যে নিজ হাতে বিতরণ করছেন।
এ সময় উপস্থিত অনেকেই তাকে ঘিরে খাবার সংগ্রহ করেন। তবে বিতরণ করা প্যাকেটগুলোতে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খবরে বলা হয়েছে, আলী খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে, হেলিকপ্টারে করে মঙ্গলবার (৭ জুলাই) রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে মরদেহ আনা হয়। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফনের কথা রয়েছে।
এর আগে রাজধানী তেহরানেও টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এই শোকযাত্রায় মানুষের উপস্থিতি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়।
অপরদিকে, গত ৩ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে ইরানে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রিপোর্টার্স২৪/ঝুম