| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৩:২৫:৫০:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা। একই সঙ্গে নাহিদ ইসলামের মতো একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, “গতকালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান দায়িত্ব হলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা। নাহিদ ইসলামের বক্তব্যকে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছি। এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে। তবে আমাদের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্তের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং তা অনুসরণ করেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি বলেন, সব সময় খুব দ্রুত সবকিছু করা সম্ভব হয় না। সরকার জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার এ বিষয়ে নিষ্ক্রিয় এমনটি বলার সুযোগ নেই।

জাহেদ উর রহমান আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো অঘটন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কি না। আমি নিশ্চিত করে বলতে পারি, বর্তমান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

উল্লেখ্য, সাভারের ওই বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, “স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদেরকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবেই এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

তবে নাহিদ ইসলামের এ অভিযোগের বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪