রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সংকট মোকাবিলায় তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার মানুষের সংখ্যা তুলনামূলক কম। এটি স্বাস্থ্যখাতের একটি বড় সমস্যা।”
তিনি বলেন, স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরি, নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী কার্যক্রম বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। আগের সরকারগুলোর তুলনায় বর্তমান সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহিত করছেন। স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন উদ্যোগ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছেন। পাশাপাশি দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ের বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নয়নে উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম