স্টাফ রিপোর্টার: সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের মামলায় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনার পরে এই আদেশ দেন। সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন।
এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন— সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ার বহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ দেন। আসামিরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বিল বাবদ মোট ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করে কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে ই-মেইল মারফত অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের হাজির সমন জারি করেছিলেন। আজ নির্ধারিত দিনে আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন আদালত।
রিপোর্টার্স২৪/ধ্রুব