স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে আলোচনার কেন্দ্রে মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। ফ্রান্সে জন্ম নেওয়া এবং দেশটির বয়সভিত্তিক সব দলেই খেলা এই তরুণ শেষ পর্যন্ত জন্মভূমির পরিবর্তে বেছে নিয়েছেন পৈতৃক দেশ মরক্কোকে।
সেনলিসে জন্ম নেওয়া বুয়াদি ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন। এমনকি কয়েক মাস আগেও তিনি মরক্কোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ এবং ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পাওয়ার পর নিজের সিদ্ধান্ত বদলান।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমঁ তাকে দলে ডাকেননি। সহকারী কোচ গি স্তেফান জানান, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, মানু কোনো, ওয়ারেন জায়ের-এমেরি ও এন'গোলো কান্তের মতো মিডফিল্ডার থাকায় বুয়াদির জন্য জায়গা তৈরি করা কঠিন ছিল। যদিও অনেকের মতে, ৩৫ বছর বয়সী কান্তের পরিবর্তে বুয়াদিকে নেওয়া যেত।
এদিকে বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব নিতে যাওয়া জিনেদিন জিদানও ব্যক্তিগতভাবে বুয়াদির সঙ্গে কথা বলেছিলেন। তবে জাতীয় দলে সুযোগের কোনো নিশ্চয়তা দিতে পারেননি। বিপরীতে মরক্কোর নতুন কোচ মোহাম্মদ ওয়াহবি তাকে বিশ্বকাপে নিয়মিত খেলার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত মরক্কোকে বেছে নিতে বড় ভূমিকা রাখে।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন বুয়াদি। এরপর নেদারল্যান্ডস ও কানাডার বিপক্ষেও মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে মরক্কোর অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি। ফিফাও তাকে টুর্নামেন্টের অন্যতম উদীয়মান তারকা হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মরক্কোর। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল ফরাসিরা। এবারও কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ইউরোপের দলটি। তবে মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির চোট ফ্রান্সের জন্য কিছুটা উদ্বেগের কারণ।
এদিকে মরক্কো দলে ফ্রান্সে জন্ম নেওয়া একাধিক ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে আইয়ুব বুয়াদি, নিল এল আইনাউই ও ইসা দিয়প এবার নিজের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষেই মাঠে নামবেন। ফলে এই ম্যাচটি শুধু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালই নয়, পরিচয়, শিকড় এবং ফুটবল ভবিষ্যতের এক প্রতীকী লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি