| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৬:০৯:৪৫:অপরাহ্ন  |  ১১৭৯১ বার পঠিত
সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মুঠোফোনে সাংবাদিকরা শিক্ষার্থীদের আন্দোলন ও পদত্যাগের দাবি বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।”

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সায়েন্সল্যাব, উত্তরার বিএনএস সেন্টারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, “শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করেছে। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।

সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, সোমবারের পরীক্ষায় শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে, তার দায় শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে দেখা এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে চট্টগ্রাম ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া অন্যান্য এলাকায় পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। তবে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪