| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার এইচএসসি পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০৩:৪৫:৫৯:পূর্বাহ্ন  |  ২৮০২ বার পঠিত
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ রয়েছে। তাই সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্বেগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাহ্দী আমিন জানান, ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য বোর্ডগুলোতে পরীক্ষা গ্রহণে কোনো বড় ধরনের বাধা নেই।

তিনি আরও বলেন, সরকার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, দীর্ঘদিনের প্রস্তুতি ও মানসিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের স্বার্থই সরকারের প্রধান অগ্রাধিকার।

মুখপাত্র জানান, গত কয়েক দিন ধরে শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। মঙ্গলবারও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের পর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কোথাও জলাবদ্ধতা বা যাতায়াত সমস্যার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষার সময় বৃদ্ধি কিংবা পরীক্ষা স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানান তিনি।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে বিরূপ আবহাওয়ার কারণে দেশের অন্য কোনো অঞ্চলের পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার অভিযোগ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বিষয়টি পর্যালোচনা করে ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪