রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হওয়ায় মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনিভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য আগস্টে প্রকাশিতব্য মুদ্রাস্ফীতির তথ্যে বড় প্রভাব ফেলতে পারে। এর ফলে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা কঠোর মুদ্রানীতির অবস্থানে আরও দৃঢ় থাকতে পারেন, যা স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে চাপ তৈরি হয়। কারণ স্বর্ণ কোনো সুদ প্রদান করে না, ফলে সুদের হার বাড়ার সঙ্গে সঙ্গে এ সম্পদে বিনিয়োগের সুযোগ ব্যয় বেড়ে যায়।
গত মঙ্গলবার (১৪ জুলাই) ফেডারেল রিজার্ভের চেয়ার কেভিন ওয়ার্শ আইনপ্রণেতাদের জানান, কেন্দ্রীয় ব্যাংক ‘ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি কোনোভাবেই সহ্য করবে না’। অন্যদিকে, সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩১ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৩৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।
প্যালাডিয়ামের দামও সামান্য বেড়েছে। আগের সেশনে ৫ শতাংশ বৃদ্ধির পর ধাতুটির দাম আরও ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১৫ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম