ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃতি শিক্ষিকা চম্পা আক্তার।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চম্পা আক্তার ভাঙ্গা উপজেলার ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। জাতীয় কাব প্রতিযোগিতার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনের পর গত ১৩ জুন ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হন তিনি। সেই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে এ রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেন।
চম্পা আক্তারের এই অর্জনে ফরিদপুর জেলার শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভাঙ্গা উপজেলার বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাঁর এ সাফল্যকে উপজেলার জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি