| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৯:৩১:২৫:অপরাহ্ন  |  ৪০৮ বার পঠিত
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী দুই পর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষু, ধর্মীয় গুরু, অতিথি, উপাসক ও উপাসিকারা অংশ নেন।

সকালে বিশ্বশান্তি কামনায় পবিত্র সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভিক্ষু সংঘের প্রাতরাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে বিহারে অবস্থানরত প্রয়াত অধ্যক্ষদের স্মরণে অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান এবং পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সভাপতিত্ব করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ে। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গহিরা শান্তিময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির। উদ্বোধন করেন বিহারের আবাসিক ভিক্ষু ড. সুমনপ্রিয় মহাস্থবির।

এ ছাড়া বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের সদস্যরা উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন। শ্রীমতি যুথিকা বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন। সকাল সাড়ে ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান গ্রহণ এবং দুপুর ১২টা ১ মিনিটে অতিথি আপ্যায়ন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে দুপুর দেড়টায় চীবরসহ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বেলা ২টায় কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় এবং পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত রাহুলবোধি ভিক্ষু। শিল্পী লায়ন রূপম মুৎসুদ্দী টিটু ও তাঁর দল উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ও বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।

অনুষ্ঠানের শুরুতে ড. জিনবোধি ভিক্ষুর রচিত ‘অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির ও জ্ঞান তাপস দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবিরের জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া ও পার্থ প্রতীম বড়ুয়া অপু।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু। প্রধান আলোচক ছিলেন মায়ানী তথাগত বৌদ্ধ বিহার ও ত্রিপিটক গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাস্থবির।

এ ছাড়া ভদন্ত ধর্মতিলক স্থবির, ভদন্ত সংঘমিত্র স্থবির ও ভদন্ত শান্তজ্যোতি স্থবিরসহ বিভিন্ন বিহারের ধর্মীয় গুরু ও ভিক্ষুরা উপস্থিত ছিলেন। আনন্দ বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশখালী ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত এম. প্রিয়বোধি স্থবির।

সমগ্র আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে.বি.এস আনন্দবোধি স্থবির।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মপ্রাণ দানশীল ব্যক্তি করুণাকান্ত বড়ুয়া ও তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পী লায়ন টিটু মুৎসুদ্দী ও তাঁর শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ঠেগরপুনি কীর্তনীয়া শ্যামল চৌধুরী ও তাঁর দল বুদ্ধ কীর্তন পরিবেশন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪