চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত ব্যক্তি এবং একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি মোবারক হোসেন ওরফে ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারে ফটিকছড়িতে বিশেষ সাঁড়াশি অভিযান চালাচ্ছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান শুরু হয়। জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাতেও অভিযান চলছিল, তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন ইন্টারপোলের তালিকাভুক্ত বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর (বড় সাজ্জাদ) ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২০২৫ সালের বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গার ঢাকাইয়া আকবর হত্যা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
অভিযানের শুরুতে ইমনের পরিবারের কয়েকজন সদস্যের মোবাইল ফোন জব্দ করে তথ্য সংগ্রহ করে পুলিশ। পরে সম্ভাব্য অবস্থানগুলোতে তল্লাশি চালানো হয়।
সম্প্রতি নগরের চকবাজারে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামে একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (১৩ জুলাই) ২০-২৫ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার অডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপরই ডেভিড ইমনকে গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ টিম মাঠে নামে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অন্যদের শনাক্তেও তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪