| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১২:৪৯:০৭:অপরাহ্ন  |  ২৮৯৭০৪ বার পঠিত
তিন নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যায় দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (২১ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি আগামীকাল পর্যন্ত বাড়তে পারে এবং পরবর্তী সময়ে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি বাড়ছে, অন্যদিকে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিন এসব নদীর পানি আবারও বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি সমতলও বাড়ছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন নদ-নদী, যেমন আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, ঘাঘট ও যমুনেশ্বরীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নওগাঁ ও নাটোরের কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানিও বাড়ছে। হালদা নদীর পানি কিছুটা কমলেও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে এসব নদীর পানি আগামীকাল পর্যন্ত দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪