স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে তিনটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে একটি সূত্রের দাবি, তিনি গত মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি অবহিত করেছেন এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে সরকারের মুখপাত্রদের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
রয়টার্স বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরে জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারত চলে যান। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় ঘোষণার পর সাবেক সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের অপসারণের দাবিতে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার পরিচালনা করে।
এদিকে শেখ হাসিনা চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরের দিকে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ হয়নি। ফলে বিষয়টি রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত সূত্রের তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি