| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না: স্পিকার

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৩:১৯:১১:অপরাহ্ন  |  ৫৯৪ বার পঠিত
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না: স্পিকার

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চললেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কেবল গণমাধ্যমে যা শুনেছেন, তার বাইরে কোনো তথ্য তার কাছে নেই।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিত ও স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

তিনি বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এটাই সংবিধানের বিধান।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্পিকার বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি কী করবেন, না করবেন, তা আমি জানি না। এটি সম্পূর্ণ অনুমাননির্ভর বিষয়।

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ সম্পর্কে তিনি জানান, ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় পূর্বনির্ধারিত ২৬ জুলাইয়ের পরিবর্তে আগেই দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারের দায়িত্ব প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ এবং তা ৯০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও আগাম প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।

বাংলাদেশে এর আগে ২০০২ সালে রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রায় ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪