এন্টারটেইনমেন্ট ডেস্ক: নাট্যপ্রেমী দর্শকের কাছে নতুনদের মাঝে প্রিয় মুখ হয়ে উঠেছেন ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। ভারতীয় ছোট পর্দায় প্রচারিত নাটকের মধ্য দিয়ে অল্প সময়েই দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা অভিষেক-কন্যা।
অভিনয় সাইনার ভালোবাসা, তেমনই পড়াশোনার প্রতিও প্রচণ্ড সিরিয়াস। মাস কয়েক আগেই দশক শ্রেণীর গণ্ডি পেরিয়েছেন তিনি।
বিদেশি বোর্ডে পড়াশোনা করেন সাইনা। হোমস্কুলিং-এর মাধ্যমে নিজেকে তৈরি করছেন যাতে শুটিংয়ে সমস্যা না হয়।
তবে বিদেশ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সেই মোতাবেক প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি অভিনয় থেকে বিরতি নেবেন সাইনা?
এক সাক্ষাৎকারে সাইনা জানান, ‘মিস করব। আমি এখানকার (কলকাতার) মানুষজনকে মিস করব। এখানে কিছু ভালো মানুষজনকে পেয়েছি। তবে সার্বিকভাবে আমি কলকাতার জীবনটা খুব মিস করব। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, ছেলেবেলা কাটিয়েছি। আমি এখনও ছোটই আছি (হাসি)। আর এমন নয় আমি এখানে আসব না।’
দ্বাদশ শ্রেণীর পর যুক্তরাজ্যে গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সুতরাং সবকিছু পরিকল্পনা মাফিক এগিয়ে গেলে দেড় বছর পর অভিনয় ক্যারিয়ার থেকে সাময়িক বিরতি নিতে হবে সাইনাকে।
স্টার জলসার হিট মেগা অনুরাগের ছোয়ায় সূর্য-দীপার মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাইনা। এরপরই জি বাংলার কনে দেখা আলো-য় লিডিং লেডি হওয়ার সুযোগ পান। দুটি নাটকের মাধ্যমে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব