কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য হবে। সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবুজায়ন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায়, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, বন বিভাগ, স্থানীয় নার্সারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে। ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষিভিত্তিক বাংলাদেশের প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এর আগে, উপজেলার মাত্রাই ইউনিয়নের শমশিরা গ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তারা নানা-নানির কবর জিয়ারত করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, রেকর্ডরুম শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা) মাহবুল হক, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থী ।
উল্লেখ্য, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান এ তিন দিনব্যাপী বৃক্ষমেলা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব