স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলাটি বিচারপ্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করল। এর আগে ১৯ জুলাই তদন্ত সংস্থা ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।
মামলায় বর্তমানে গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী দীপু মনি, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।
প্রসিকিউশন সূত্রের তথ্য অনুযায়ী, মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ও জেনারেল (অব.) আজিজ আহমেদসহ কয়েকজন বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।
২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশস্থল খালি করা হয়। ওই অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে; তবে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে তদন্ত ও যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি