| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে ফের সফরে মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৩:৫৫:৪১:অপরাহ্ন  |  ১২৪৭ বার পঠিত
মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে ফের সফরে মন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৭ জুলাই) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সঙ্গী হতে পারেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলতে আগ্রহী সরকার। তবে বাজার চালুর ক্ষেত্রে বিদ্যমান কিছু জটিলতা ও শর্ত রয়েছে। সেগুলো নিরসন এবং নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই মন্ত্রীর এবারের সফর।

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ ২০২৪ সালে বন্ধ হয়ে যায়। সে সময় দেশটির সরকার আগে অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয়। এরপর কর্মী ভিসায় নতুন করে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ হয়ে যায়।

শ্রমবাজারটি পুনরায় চালুর জন্য পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করে।

এর অংশ হিসেবে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এরপর জুনের মাঝামাঝি মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার সরকারের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রের দাবি, এবার মন্ত্রীর সফরে শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন, কর্মী নিয়োগের শর্ত এবং বাংলাদেশ থেকে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বাজারটি খুললে নতুন করে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪