স্টাফ রিপোর্টার: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করতে সংসদে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় স্পিকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদের উদ্দেশে রওনা দেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, তফসিল ঘোষণা এবং ভোটের সময়সূচি নির্ধারণে স্পিকারের সঙ্গে আলোচনাকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি। স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় বর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি জনগণের ভোট দেওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। ফলে সংসদের বর্তমান সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
রিপোর্টার্স২৪/বাবি