| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৩:১৮:০৮:অপরাহ্ন  |  ৫২০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে এখনো নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে এবং সময় নির্ধারণের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এক ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, আর যদি কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তাহলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সংসদের অধিবেশন চলাকালে নির্বাচন হলে এক ধরনের পদ্ধতি, আর অধিবেশন না থাকলে অন্য ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে।

সিইসি জানান, এসব বিষয় নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, বিষয়টি যদি জাতীয় সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়, তাহলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪