| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৬:২৩:৪৬:অপরাহ্ন  |  ৫৮৫ বার পঠিত
স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক নির্দেশনা বা রেফারেন্স পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ-সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনে কোনো লিখিত রেফারেন্স পাঠানো হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি কমিশনে এলে বিদ্যমান আইন অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। এরপর দলটির পক্ষ থেকে তার সংসদ সদস্যপদ বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত আবেদন পাঠানো হয়।

সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশন সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারে না। সংসদ সদস্যের পদসংক্রান্ত বিরোধ প্রথমে স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উপস্থাপন করতে হয়। এরপর স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্সের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি। স্পিকারের কার্যালয় থেকে লিখিতভাবে বিষয়টি জানানো হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪