রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একক অর্জন নয়, এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয় নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে।
শেখ রবিউল আলম বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, জনগণ ভোটের মাধ্যমে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এটি জাতির অর্জন।”
তিনি আরও বলেন, জুলাই আমাদের নতুনভাবে শানিত হওয়ার এবং আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেই বার্তাও দিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার। জুলাই সেই বার্তাও দিয়েছে। আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি। রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সরকার গঠন করেছি। এখন সময় রাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার।
তিনি বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে তারেক রহমানের সরকার কাজ করছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এ প্রতিষ্ঠার জন্য দলটি দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার যখন হরণ হয়েছে এবং দেশ যখন সংকটে পড়েছে, তখন বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকা কলেজ একটি গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বর্তমানে এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে।
তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। এ সময় কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম